প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ২:০৪ পি.এম
সীমান্তে আধুনিক প্রযুক্তি”র সুফল: ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার

সীমান্তে আধুনিক প্রযুক্তি"র সুফল:
৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার
জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন :
৬৪ বিজিবি টেকনাফে অভিযান চালিয়ে এ যাবৎ কালের বিজিবি’র সর্ববৃহৎ ইয়াবা চোরাচালান ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। যায় আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লক্ষ ২০ হাজার টাকা। ১১ এপ্রিল শনিবার ভোরবেলা ৩ টার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।অধিনায়ক লে.কর্নেল মো: জহিরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, দুই সপ্তাহ পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হ্নীলা এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের প্রবেশের চেষ্টা করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৬৪ বিজিবি গোয়েন্দা নজরদারী, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ও টহল কার্যক্রম জোরদার করে। ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পর্যবেক্ষণের অংশ হিসেবে সীমান্তে রাডার, আধুনিক ড্রোন ও থার্মাল ইমেজার ইত্যাদি সংযোজিত হয়েছে।
১১ এপ্রিল শনিবার ভোর রাত ৩ টার সময় রাডারের মাধ্যমে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওব্রাং পোস্ট এলাকায় নাফ নদীর মিয়ারমার হতে বাংলাদেশের দিকে আসার সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন চোরাকারবারীরা নাফ নদীর বাংলাদেশের অংশে আসলে থার্মাল ইমেজারের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, চোরাকারবারির দল নাফ নদী সাঁতরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে রেড়িবাঁধের উপর কৌশলগতভাবে দ্রুত অ্যাম্বুশ স্থাপন করে।
এক পর্যায়ে চোরাকারবারির দল বিজিবি’র ওব্রাং পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে মোট ১৩টি বড় পোটলা ইয়াবা উদ্ধার করেন। পোটলাগুলো খুলে মোট ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ৬৪ বিজিবি অধিনায়ক।
All Rights Reserved © 2026 TeknafVision.Com
Developed By : Azad Web IT