মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৩ ফেব্রুয়ারি) সোমবার মধ্যরাত ১ টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা”র সদস্যরা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় উক্ত এলাকা হতে সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
এরা হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখালী গ্রামের আবুল ফয়েজ”র ছেলে মনির আহমদ(৪৪), পিএমখালী সনখোলা গ্রামের শহর আলীর ছেলে জানে আলম (২২), সনখোলা নয়াপাড়ার শফিউল্লাহ”র ছেলে হাফিজুর রহমান (২৮),ঈদগাও উপজেলার উত্তর কানগুনা গ্রামের সালেহ আহমহ”র ছেলে মোঃ নেওয়াজ(৪২) ও ইমরান খান(৩৫), উত্তর কানগুনা গ্রামের মৃত আব্দুল হাসিব”র ছেলে আব্দুস সালাম(৪০),মোঃ জহির”র ছেলে মোঃ আনোয়ার (২০) ও নাটোর জেলার লালপুর উপজেলার লক্ষীচামারী গ্রামের মোঃ ইসরাফিল’র ছেলে মোঃ সুমন(৩৬)।
জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।